ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:১২ পিএম
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে সরকার। এই সংশোধনীগুলোর মাধ্যমে ডাকযোগের ব্যালট গণনা, রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা এবং বিচারিক ক্ষমতাসহ বেশ কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে।
নতুন এই বিধানে ডাকযোগে পাঠানো ব্যালট বাতিলের জন্য সুনির্দিষ্ট শর্ত যুক্ত করা হয়েছে। নতুন শর্তাবলী অনুযায়ী, পোস্টাল ব্যালটে সঠিকভাবে ভোটারের সীল না পড়া বা একাধিক প্রতীকে টিকচিহ্ন থাকলে সেই ব্যালট গণনা করা হবে না।
এছাড়া প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেয়ার আরও বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে এই গেজেটে।
অধ্যাদেশে আরপিওর ২৭ নম্বর অনুচ্ছেদের ১০ নম্বর দফা প্রতিস্থাপন করে ডাকযোগে পাঠানো ব্যালট বাতিলের জন্য এই সুনির্দিষ্ট শর্তগুলো যুক্ত করা হয়েছে। সেইসঙ্গে ৩৭ নম্বর অনুচ্ছেদের সঙ্গে ৩৭ক উপধারা সংযোজন করে ডাকযোগে পাঠানো ব্যালট গণনার জন্য বিশেষ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এই শর্তগুলো মূলত প্রবাসীদের ভোট গণনার ক্ষেত্রে জটিলতা ও ভুল এড়াতে সহায়ক হবে।গেজেটে উল্লেখ করা হয়েছে যে, কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালট পেপার গণনা থেকে বাদ দেওয়া হবে যদি:
ক) ব্যালটে কোনও প্রতীকের বিপরীতে কোনও টিক বা ক্রস চিহ্ন না দেওয়া হয়; খ) একাধিক প্রতীকের বিপরীতে একটি টিক বা ক্রস চিহ্ন দেওয়া হয়; গ) টিক বা ক্রস চিহ্ন এমনভাবে দেওয়া হয় যাতে যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা না যায় যে কোন প্রার্থীর পক্ষে ভোট দেওয়া হয়েছে; ঘ) ৩৭ক অনুচ্ছেদের অধীনে গণনার আগে রিটার্নিং অফিসার কর্তৃক ডাক ব্যালট গ্রহণ না করা হয়; ঙ) কোনও নির্দিষ্ট নির্বাচনি এলাকার প্রার্থীদের তালিকায় কোনও পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনও আদালত কর্তৃক করা হয়;
এবং চ) ভোটার কর্তৃক কোনও ঘোষণা বা স্বাক্ষর না দেওয়া হয়। এই শেষ দুটি শর্ত বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এতে স্পষ্ট করা হয়েছে যে ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে এবং আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন এলেও ওই আসনের জমা হওয়া পোস্টাল ব্যালটও গণনা করা হবে না। এই নতুন কঠোর শর্তগুলো প্রবাসী ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন