নভেম্বর ৫, ২০২৫, ০৮:৩৭ পিএম
দীর্ঘদিন ধরে চলমান খরা এবং বৃষ্টিপাতের ঘাটতি মোকাবিলায় বিশাল এক ধর্মীয় পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। দেশটির সরকারি সংস্থা আওকাফ (এনডাওমেন্টস) ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দেশজুড়ে ১২৫টি মসজিদে ‘সালাত আল ইসতিসকা’ বা বৃষ্টির নামাজ আয়োজনের ঘোষণা দিয়েছে।
স্থানীয় সময় আগামী শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই বিশেষ নামাজ একযোগে অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি সুলাইমান আল সুওয়াইলেম বিষয়টি নিশ্চিত করেছেন।মন্ত্রণালয় এই বরকতময় আধ্যাত্মিক আচারের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আল সুওয়াইলেম স্থানীয় নাগরিক এবং কুয়েতে বসবাসরত প্রবাসীদের এই সম্মিলিত নামাজে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
সুওয়াইলেম বলেন, ইসলামের ঐতিহ্য অনুসারে যখন দেশে তীব্রভাবে বৃষ্টিপাতের প্রয়োজন হয়, তখন এই নামাজ পালন করা হয়। ‘সালাত আল ইসতিসকা’ হলো একটি সুন্নাহ (নবী মুহাম্মদ (সা.) কর্তৃক অনুমোদিত রীতি)। খরা বা অনাবৃষ্টির সময়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করে বৃষ্টি প্রার্থনা করার জন্য এই নামাজ আদায় করা হয়। এই বৃহৎ আকারের ধর্মীয় আয়োজনটি দেশে আধ্যাত্মিক ভক্তি এবং কঠিন সময়ে সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন