জুলাই ২১, ২০২৬, ১১:২৭ এএম
কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন হ্যাঙ্গারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালিত এসব হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
আধা-সরকারি সংবাদমাধ্যমের প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। পাশাপাশি আলি আল-সালেম বিমানঘাঁটির একটি ড্রোন হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে, যেখানে কয়েকটি ড্রোন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
পরবর্তী সময়ে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়, আহমেদ আল-জাবের ঘাঁটিতে আগাম সতর্কীকরণ রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এ অঞ্চলের রাডার নজরদারি দুর্বল করতেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি ইরানের।
এদিকে দেশটির সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে যে তারা কামিকাজে ড্রোন ব্যবহার করে ক্যাম্প আরিফজান, ক্যাম্প আল-আদিরি এবং আহমেদ আল-জাবের ঘাঁটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপস্থিতির কারণেই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেছে তেহরান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন