রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

আজ শাবানের চাঁদ দেখা যাবে কি, শবে বরাত কবে?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ১০:৪৩ এএম

আজ শাবানের চাঁদ দেখা যাবে কি, শবে বরাত কবে?

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রোববার পবিত্র শাবান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন চলছে। ইসলামের ইতিহাসে শাবান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই মাসের ১৫তম রাতে পবিত্র শবে বরাত পালিত হয়। মুসলিম উম্মাহ এই রাতকে ইবাদত ও ক্ষমার রাত হিসেবে পালন করে। 

তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের আকাশে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সংস্থাটির হিসাব মতে আজ চাঁদ দেখা না গেলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানিয়েছেন যে আজ শাবান মাসের চাঁদের জন্ম হলেও তা সূর্যাস্তের আগেই দিগন্তে অস্ত যাবে। 

এই মহাজাগতিক পরিস্থিতির কারণে আজ কোনোভাবেই চাঁদ দেখা সম্ভব নয়। তবে আগামীকাল সোমবার আকাশ পরিষ্কার থাকলে বিশ্বের অধিকাংশ দেশ থেকে খালি চোখেই শাবানের চাঁদ দেখা যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সোমবার চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা থাকায় আগামী ৩ ফেব্রুয়ারি রাতে মধ্যপ্রাচ্যে শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বাংলাদেশ, পাকিস্তান, ওমান এবং জর্ডানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আগামীকাল সোমবার শাবানের চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যদি সোমবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় তবে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। তবে কোনো কারণে সোমবার চাঁদ দেখা না গেলে শবে বরাত একদিন পিছিয়ে ৪ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হবে। শাবান মাসের শুরু থেকেই মূলত ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিতে শুরু করেন। ওলামায়ে কেরামগণ এই মাসে বেশি বেশি নফল ইবাদত ও রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন।