মার্চ ৪, ২০২৬, ১০:৫৩ পিএম
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা বৃষ্টি হলে এই জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্থানান্তরিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের এই প্রধান জামাতে নারীদের অংশগ্রহণের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথ ও বিশেষ আসন বিন্যাসের ব্যবস্থা রাখা হবে। সভায় জানানো হয়েছে যে জামাতের ইমাম, কারি ও উপস্থাপক মনোনয়নের জন্য ইতোমধ্যে আলেমদের একটি তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
মূল জামাত শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে অর্থাৎ সকাল সাড়ে ৭টা থেকে মাঠে হামদ-নাতসহ ইসলামি গজল পরিবেশনের ব্যবস্থা রাখা হবে। মুসল্লিদের ওজু, সুপেয় পানি ও ভ্রাম্যমাণ শৌচাগার নিশ্চিত করার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার জন্য বিশেষ মেডিকেল টিম মোতায়েন থাকবে।বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের জন্য মাঠে আলাদা স্থান সংরক্ষিত থাকবে এবং তাদের অভ্যর্থনার জন্য জেলা প্রশাসনের নারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও এসএসএফের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন।
প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালানো হবে। এছাড়া অগ্নিনির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। অতিবৃষ্টি হলে মাঠ থেকে দ্রুত পানি সরানোর জন্য ঢাকা ওয়াসা ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করবে।ঈদের আগের রাত থেকে সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে।
দিনটি উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার ও শিশুসদনে উন্নত মানের খাবার পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের দিন ঢাকার শিশুপার্ক, জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এবং সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। দেশের বাইরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন