রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদুল আজহা ২০২৬: ২৭ নাকি ২৮ মে? যা জানাল সৌদি আরব

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৫, ২০২৬, ০৬:৩০ পিএম

ঈদুল আজহা ২০২৬: ২৭ নাকি ২৮ মে? যা জানাল সৌদি আরব

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন দেশ ইতোমধ্যে প্রাথমিক ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনার কথা জানানো হয়েছে।সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। 

ওই ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হওয়ার কথা। অর্থাৎ জিলকদ মাসটি পূর্ণ ৩০ দিন হতে পারে। এই হিসাব অনুযায়ী জিলহজ মাস শুরু হবে ১৭ মে থেকে এবং মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও একই সম্ভাবনার কথা জানিয়েছেন। তাদের মতে, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে ২৭ মে দেশটিতে ঈদ উদযাপন হতে পারে। সংযুক্ত আরব আমিরাত থেকেও একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে। 

দেশটির হিসাব অনুযায়ী, ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবনধারাভিত্তিক প্ল্যাটফর্ম হাইফেন।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণের বিষয়টি জিলকদ মাসের শেষে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে। জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৭ মে এবং ৩০ দিন পূর্ণ হলে ২৮ মে ঈদ হতে পারে। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি সময়মতো আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করবে। সংবাদ শেষ।