অক্টোবর ২৮, ২০২৫, ০৫:২৪ পিএম
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনবার বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কওমি পরিষদ বাংলাদেশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই তরুণ ক্বারি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এই শোক জানান।
শোকবার্তায় মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, 'হাফেজ সাইফুর রহমান ত্বকি ছিলেন বাংলাদেশের গর্ব। তিনি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারবার দেশকে সম্মানিত করেছেন। তার মৃত্যুতে জাতি হারাল এক উজ্জ্বল নক্ষত্র, মুসলিম বিশ্ব হারাল এক প্রতিভাবান হাফেজকে।'তিনি আরও বলেন, 'আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। আমিন।'
২৫ বছর বয়সী হাফেজ ত্বকীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছিলেন। তার মৃত্যুতে দেশের ধর্মপ্রাণ মানুষ ও ক্বিরাত জগতে শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন