সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মাইলফলক স্পর্শ করতে লিটনের দরকার ৭১ রান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৪:০৫ পিএম

মাইলফলক স্পর্শ করতে লিটনের দরকার ৭১ রান

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এই অনন্য উচ্চতায় পৌঁছাতে তাঁর প্রয়োজন আর মাত্র ৭১ রান।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ, যেখানে সকলের নজর থাকবে লিটনের ব্যাটের দিকে।

২০১৫ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে লিটন দাস নিজের ক্লাস ও সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন।

অভিষেক টেস্টে মাত্র ৪৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে তিনি নিজের আগমনী বার্তা দিয়েছিলেন। এরপর থেকে চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। এখন পর্যন্ত দেশের হয়ে ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন লিটন। এই ৫০ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিসহ ৩৪ দশমিক ০৫ গড়ে তিনি মোট ২৯২৯ রান সংগ্রহ করেছেন।আর মাত্র ৭১ রান করলেই তিনি প্রবেশ করবেন তিন হাজারি ক্লাবের অভিজাত তালিকায়। এর আগে বাংলাদেশের হয়ে মাত্র পাঁচজন ব্যাটার টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন।

এই তালিকার শীর্ষে আছেন মুশফিকুর রহিম, যার সংগ্রহ ৬৩২৮ রান। এরপর রয়েছেন যথাক্রমে তামিম ইকবাল (৫১৩৪ রান), মুমিনুল হক (৪৬২৭ রান), সাকিব আল হাসান (৪৬০৯ রান) এবং হাবিবুল বাশার (৩০২৬ রান)। লিটন দাস যদি এই ম্যাচে ৭১ রান করতে পারেন, তবে তিনি হাবিবুল বাশারের পর এই মাইলফলক ছোঁয়া ষষ্ঠ বাংলাদেশি হবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান এই টেস্টেই লিটন তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন বলে আশাবাদী দেশের ক্রিকেটপ্রেমীরা।