নভেম্বর ১১, ২০২৫, ০৫:৪৭ পিএম
চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলে ফিরেছিলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, যেখানে ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছিলেন।
কিন্তু এরপর থেকেই ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াডে তাঁর নাম দেখা যাচ্ছে না। আসন্ন গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরের দলেও জায়গা হয়নি এই অভিজ্ঞ পেসারের, যা নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার শামিকে দলে না রাখার পেছনে ফিটনেস ইস্যুকে প্রধান কারণ হিসেবে দাঁড় করিয়েছেন।
তবে শামি নিজে দাবি করেছেন যে তিনি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এমনকি তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন এবং ছন্দেও রয়েছেন। পরিসংখ্যানও শামির পক্ষেই কথা বলছে। বর্তমানে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলছেন তিনি। এই আসরে প্রথম তিন ম্যাচে তিনি ১৫টি উইকেট শিকার করেছেন এবং মোট ৯৩ ওভার বল করেছেন, যা তাঁর ম্যাচ ফিটনেসের স্পষ্ট প্রমাণ দেয়।
শামির এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর মতে, শামি এখন পুরোপুরি ফিট এবং জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত। সৌরভ বলেন, রঞ্জির দুই-তিনটি ম্যাচে শামি একাই বেঙ্গলকে জিতিয়েছেন। নির্বাচকরা নিশ্চয়ই তাঁর পারফরম্যান্সের ওপর নজর রাখছেন।
ফিটনেস ও দক্ষতার বিচারে শামি সেই আগের শামিই আছেন। তাই সৌরভের মতে, টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি—যেকোনো ফরম্যাটে ভারতের হয়ে শামিকে খেলতে না দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। সৌরভের এই মন্তব্য নির্বাচকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন