নভেম্বর ১২, ২০২৫, ১০:৩৭ এএম
আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র বা এনওসি (NOC) পেয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। তবে এই অনুমতি একটি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগ পর্যন্ত সাইফকে এই টুর্নামেন্টে খেলার সুযোগ দিয়েছে বিসিবি।
আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে সাইফ হাসান খেলবেন অ্যাস্পিন স্ট্যালিওনস-এর জার্সিতে।
এই দলটিতে তার সতীর্থ হিসেবে থাকছেন স্যাম বিলিংস, আন্দ্রে ফ্লেচার এবং হরভজন সিংয়ের মতো তারকারা। অন্যদিকে, এই লিগেই রয়্যাল চ্যাম্পস দলের নেতৃত্বে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এছাড়া টাইগার পেসার নাহিদ রানাও ভিস্তা রাইডার্সে দল পেয়েছেন।বিসিবির শর্ত অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই সাইফ হাসানকে দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে। ফলে ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।
অ্যাস্পিন স্ট্যালিওনস স্কোয়াড: স্যাম বিলিংস, টাইমাল মিলস, হরভজন সিং, আন্দ্রে ফ্লেচার, আভিস্কা ফার্নান্দো, শেরফান রাদারফোর্ড, বিনুরা ফার্নান্দো, সাইফ হাসান, রায়ান বার্ল, আলি খান, বেন কাটিং, আখিলেশ বদুগাম, জোহাইর ইকবাল, হাফিজ উর রহমান, অ্যাশমিয়াদ নেদ, মোনাঙ্ক প্যাটেল, হার্শিত সিং, ম্যাথু হার্স্ট ও ইসাম মুতি উর রাব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন