নভেম্বর ১৫, ২০২৫, ০৫:১৬ পিএম
নিজস্ব ভূমিতে অনুষ্ঠিতব্য কাবাডি নারী বিশ্বকাপের এবারের আসরকে সামনে রেখে শেষ মুহূর্তে দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ইতোমধ্যেই অংশগ্রহণকারী একাধিক দল বাংলাদেশে এসে পৌঁছেছে এবং বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই।
সাধারণত বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের জন্য দল ঘোষণা অনুষ্ঠানে অধিনায়ক এবং কোচ উপস্থিত থাকেন কিন্তু বাংলাদেশের দল ঘোষণার দিন তাদের কেউই উপস্থিত ছিলেন না।
এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান বিকেএসপিতে দলের নিবিড় ক্যাম্প চলায় অধিনায়ক ও কোচকে সংবাদ সম্মেলনে আনা সম্ভব হয়নি।
সাধারণ সম্পাদকের দেওয়া তথ্য অনুযায়ী এই বিশ্বকাপে ১৪ দেশের অংশগ্রহণে হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১টি দল। দল কমে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন প্রাথমিকভাবে ১৪টি দেশ চূড়ান্ত এবং দুটি দেশ পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাই রেখেছিল। সেই ১৪ দেশের মধ্যে জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে পাকিস্তান ও পোল্যান্ডের খেলার সুযোগ ছিল যার মধ্যে পাকিস্তান না আসলেও পোল্যান্ড আসছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, স্বাগতিক হিসেবে বাংলাদেশ দলগুলোকে কেবল স্থানীয় আবাসন ও যাতায়াত প্রদান করবে এবং টুর্নামেন্টে আগমন ও অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের।
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছেন ১৪ জন খেলোয়াড়। এই দলে আছেন শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম। এই ১৪ জনকে নিয়েই বাংলাদেশ কাবাডি নারী বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত দল সাজিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন