সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নারী দল নির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ১১:৫৫ এএম

নারী দল নির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে গত দিন দশেক ধরে যে সমালোচনার ঝড় চলমান, তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন অভিযোগের পর দেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছে।

একইসাথে নারী ক্রিকেট নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের মধ্যে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়মের অভিযোগও ছিলো। তবে বিসিবি জানিয়েছে, দল নির্বাচনে অনিয়মের স্বপক্ষে কোনো প্রমাণ মেলেনি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি তাদের তদন্তের ফল প্রকাশ করে। গত ১৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বিসিবিকে চিঠি দিয়েছিল

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অভিযোগের চিঠিটি সেই সময়ে পেলেও বোর্ডের সর্বশেষ নির্বাচনপূর্ব এবং তৎপরবর্তী জটিলতায় তৎক্ষণাৎ তদন্ত শুরু করা সম্ভব হয়নি।প্রসঙ্গত, গত ছয় অক্টোবর নির্বাচনের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। নতুন বোর্ড গঠনের পর অভিযোগটি পর্যালোচনা করা হয়।

বিবৃতিতে বিসিবি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট ডকুমেন্ট পর্যালোচনা করেছে বোর্ড এবং সেখানে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়মের কোনো প্রমাণ মেলেনি। তবে নারী ক্রিকেটে চলমান অন্যান্য বিতর্ক, বিশেষ করে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে বোর্ডের পদক্ষেপ কেমন হয়, এখন সেটাই দেখার বিষয়।