নভেম্বর ১৭, ২০২৫, ০৮:৩১ পিএম
নাচে-গানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গতকাল ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের জমকালো আসর। উদ্বোধনী দিনেই আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে হারিয়ে দারুণ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ নারী কাবাডি দল।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ দুই লোনাসহ ৪২-২২ পয়েন্টে হারায় আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে।
যদিও শারীরিক দিক দিয়ে প্রতিপক্ষ উগান্ডা কিছুটা এগিয়ে ছিল, তবে অভিজ্ঞতা ও ট্যাকটিকসে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা এগিয়ে থেকে জয় ছিনিয়ে আনে।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২ পয়েন্টে) এগিয়ে ছিল। এই পর্বে উগান্ডা বেশ ভালো লড়াই করে এবং বাংলাদেশের মেয়েদের তুলনামূলকভাবে রক্ষণাত্মক মনে হয়। তবে পুরো ম্যাচেই স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে পয়েন্ট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। বিরতির পরও উগান্ডা বেশ কিছুক্ষণ খেলায় ছিল। একটা সময়ে স্কোরলাইনে সমতাও এসেছিল। তবে ডু অর ডাই রেইডে দুজনকে ঘায়েল করে স্মৃতি দারুণভাবে দলকে ম্যাচে ফেরান। এরপর আর থামানো যায়নি স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে দুবার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে ২৮ পয়েন্ট তুলেছে, সেখানে উগান্ডা তুলতে পারে মাত্র ১০ পয়েন্ট। রুপালি-স্মৃতিদের পরবর্তী ম্যাচ আজ জার্মানির বিপক্ষে। উল্লেখ্য, ২০১২ সালের ১৩ বছর পর বিশ্বকাপের আরেকটি আয়োজন নিয়ে সংশ্লিষ্ট সবাই উচ্ছ্বসিত। বৈশ্বিক নারী কাবাডি বিশ্বকাপ এবারই প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধনী দিনে বলেন, "কাবাডি আমাদের কাছে একটি খেলার চেয়েও বেশি কিছু। এটি আমাদের সাহস, আমাদের ঐতিহ্য এবং আমাদের জাতীয় চেতনার প্রতীক। বাংলাদেশে এটি আয়োজন করা একটি স্বপ্ন পূরণের মতো।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন