নভেম্বর ২১, ২০২৫, ০৮:০৫ পিএম
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সুপার ওভারের চরম নাটকীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত 'এ' দলকে হারিয়ে ফাইনালের পথ নিশ্চিত করেছে বাংলাদেশ 'এ' দল। দুই দলের রুদ্ধশ্বাস লড়াইয়ে নির্ধারিত ওভারে কেউ কাউকে ছাড় দিতে না পারায় ম্যাচের ফল আসে সুপার ওভারে।
বাংলাদেশের করা ১৯৪ রানের জবাবে সমান ১৯৪ রান করে থামে ভারত 'এ' দল। শেষ পর্যন্ত ওয়াইড ডেলিভারির কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে জিসান আলম ২৬ রান করে দ্রুত ফিরে গেলেও দলের হাল ধরেন হাবিবুর রহমান সোহান। তিনি ৬৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ক্যাচ আউটের ফাঁদে পড়েন।
তবে শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানের কল্যাণে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের লড়াকু সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত 'এ' দল দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায়। ভারতের পক্ষে বৈভব ৩৮ রানে এবং প্রিয়াংশ ৪৪ রানে আউট হন। আবু হায়দারের দ্বিতীয় শিকার হয়ে ৩৩ রান করে ফেরেন জিতেশ শর্মা। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে সমান ১৯৪ রানে থামলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে নাটকীয়তা শুরু হয় প্রথম থেকেই। রিপন মন্ডলের প্রথম দুই বলেই ভারতের দুই ব্যাটার আউট হয়ে যান। ফলে জয়ের জন্য বাংলাদেশের দরকার হয় মাত্র ১ রান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইয়াসির আলী প্রথম বলেই ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটেন। তবে পরের বলটি ওয়াইড হলে সেই এক রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ 'এ' দল। এই রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন