নভেম্বর ২৭, ২০২৫, ১০:১৪ পিএম
আয়ারল্যান্ডের দেওয়া বিশাল টার্গেট তাড়া করতে নেমে দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একা লড়াই করলেন তাওহিদ হৃদয়। অপরাজিত থেকে গেলেন ৮৩ রানের দুর্বার এক ইনিংস খেলে। তবে তার এই সাহসী ব্যাটিংয়ের পরও বাংলাদেশকে জয় এনে দিতে পারলেন না।
প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকরা আইরিশদের কাছে ধরাশায়ী হলো ৩৯ রানে। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৪২ রানে। এ হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ল লিটন দাসের দল।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৮ রান তুলতেই খুইয়ে ফেলে তারা ৪ উইকেট। দলীয় ৭৪ রানে স্বাগতিকরা হারায় অষ্টম উইকেট।
মাঝে তাওহিদ হৃদয়কে কিছুটা সঙ্গ দিয়ে জাকের আলীর ব্যাট থেকে আসে ২০ রান এবং শরিফুল ইসলাম যোগ করেন ১২ রান। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।আইরিশদের দাপুটে বোলিংয়ের দিনে ম্যাথু হামফ্রেস ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যারি ম্যাককার্থি ৩টি আর মার্ক অ্যাডাইয়ার পান দুটি উইকেট।এর আগে দুরন্ত ব্যাটিংয়ে রান ফোয়ারা ছোটায় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টরের দারুণ এক হাফসেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে অতিথিরা গড়েছিল ১৮১ রানের বড় পুঁজি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি আইরিশদের রেকর্ড সংগ্রহ।
অপরাজিত থাকা হ্যারি টেক্টর ৪৫ বলে ৬৯ রানের দুর্বার এক ইনিংস খেলেন, যেখানে ছিল ১ বাউন্ডারি ও ৫ ছক্কা। তার আগে অধিনায়ক পল স্টারলিং ২১ রান ও টিম টেক্টর ৩২ রান এনে দেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৮১/৪, ২০ ওভার (হ্যারি টেক্টর ৬৯*, টিম টেক্টর ৩২, ক্যাম্ফার ২৪, স্টারলিং ২১; তানজিম ২/৪১, রিশাদ ১/৩৪, শরিফুল ১/৪২)। বাংলাদেশ: ১৪২/৯, ২০ ওভার (তাওহিদ হৃদয় ৮৩*, জাকের আলি ২০; ম্যাথু হামফ্রেস ৪/১৩, ব্যারি ম্যাককার্থি ৩/২২)।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন