ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৫৭ এএম
আইপিএল নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে দিল্লি ও চেন্নাই সুপার কিংসের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হলেও, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে দলে ভেড়াতে তিনবারের চ্যাম্পিয়নরা ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে।
যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। রেকর্ড পারিশ্রমিকে দল পেয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও।কম কথা বলা মুস্তাফিজ কড়া মূল্যে দল পাওয়ার পর অল্প কথায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় তারকা এই ক্রিকেটার বলেন:হ্যালো কেকেআরের ভক্তরা। আমি মুস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। শিগগিরই দেখা হবে।
২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখায় গত মৌসুমের দল দিল্লি ক্যাপিটালস এবং তাঁর পুরনো সফল দল চেন্নাই সুপার কিংস।দিল্লি ও চেন্নাইয়ের দ্বৈরথে দর বাড়তে বাড়তে ৫ কোটির ঘর অতিক্রম করে। ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ালে চেন্নাইয়ের পাল্লা ভারী হয়।
ঠিক সেই সময় নাটকীয়ভাবে বিডে ঢুকে পড়ে কেকেআর। চেন্নাই ৭ কোটি পর্যন্ত দর বাড়ালেও কেকেআর পিছু না হটায় দর আরও চড়তে থাকে।শেষ পর্যন্ত চেন্নাই আর টিকতে পারেনি। সব নাটকের অবসান ঘটিয়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন