রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শেষের কামব্যাকে ১৬০ রানের লক্ষ্য পেল রংপুর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৮:০৬ পিএম

শেষের কামব্যাকে ১৬০ রানের লক্ষ্য পেল রংপুর

বিপিএল ২০২৬-এর দশম ম্যাচে রাজশাহীর বড় সংগ্রহের স্বপ্ন রুখে দিয়েছে রংপুর রাইডার্স। শাহিবজাদা ফারহান ও নাজমুল হোসেন শান্তর দারুণ শুরুর পরও শেষ দিকের কামব্যাকে রাজশাহীকে ১৫৯ রানে আটকে রেখেছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য পেল রংপুর।

ব্যাটিংটা দারুণ করছিলেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ব্যক্তিগত ৪১ রানের সময় এক অকল্পনীয় ভুলে রান আউট হয়ে ফেরেন তিনি।

অফসাইডে বল পাঠিয়ে অযথা দুই রান নেওয়ার চেষ্টায় নন-স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভেঙে দেন নাহিদ রানা। আউট হওয়ার পর নিজের মাথায় ঘুষি মেরে আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় শান্তকে। তাঁর এই আউটের পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে রংপুর।

শুরুতে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তানজিদ তামিম (১২) দ্রুত ফিরলেও শাহিবজাদা ফারহান ও শান্ত দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েছিলেন। শাহিবজাদা ২ ছক্কা ও ৮ চারে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু শান্তর আউটের পর তিনিও দ্রুত ফিরে গেলে রাজশাহীর রানের চাকা ধীর হয়ে যায়।রাজশাহীর ব্যাটারদের চড়াও হওয়ার সুযোগ দেননি রংপুরের বোলাররা।

বিশেষ করে পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ ছিলেন অনবদ্য। তিনি ইনিংসের ১৯তম ওভারে পর পর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি ৩ উইকেট নিয়ে রাজশাহীকে ১৫৯ রানে থামিয়ে দিতে মূল ভূমিকা পালন করেন।রংপুরের ফিল্ডিংও ছিল চোখে পড়ার মতো। লিটন দাস তিনটি দুর্দান্ত ক্যাচ ধরে বোলারদের আত্মবিশ্বাস জোগান। এছাড়া বোলার নাহিদ রানার ক্ষিপ্রতা শান্তর গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিতে সহায়তা করে।