রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ১১:৫০ এএম

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে বড় এক মোড় এসেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানকে এবার সরাসরি সমর্থন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ইস্যুতে বিসিবির পাশে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পাকিস্তান। 

ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে।গত কয়েক সপ্তাহ ধরেই বিসিবি জানিয়ে আসছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। 

এই কারণে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছে তারা। বিসিবির এই দাবির পক্ষে পিসিবি তাদের চিঠিতে আইসিসিকে জানিয়েছে যে, একটি সদস্য দেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। পাকিস্তানের এই মেইল পাওয়ার পরই আইসিসি আজ বুধবার (২১ জানুয়ারি) একটি জরুরি সভা ডেকেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে আইসিসি ও বিসিবির এই ত্রিমুখী লড়াইয়ে সমাধান আসা এখনো চ্যালেঞ্জিং। ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু কিংবা সূচি পরিবর্তনের বিষয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি। গত সপ্তাহের সভায় আইসিসি তাদের আগের অবস্থানেই অনড় ছিল। বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ২১ জানুয়ারি (আজ) পর্যন্ত একটি সময়সীমা বেঁধে দিয়েছে বলে গুঞ্জন থাকলেও বিসিবি তা অস্বীকার করেছে। বিসিবির দাবি, তারা আইসিসির কাছ থেকে এমন কোনো সুনির্দিষ্ট ডেডলাইন পায়নি।

উল্লেখ্য যে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর শুরু হওয়ার কথা রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বকাপের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এই ধোঁয়াশা কাটেনি। এখন দেখার বিষয়, পাকিস্তানের সমর্থনের পর আইসিসি তাদের অনমনীয় অবস্থান থেকে সরে এসে হাইব্রিড মডেলে খেলা আয়োজন করে কি না।