জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:৩৬ পিএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল এক চরম নাটকীয়তার মধ্য দিয়ে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ শনিবার সন্ধ্যায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
একই সঙ্গে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের সংশোধিত নতুন সূচি প্রকাশ করা হয়েছে।আইসিসির প্রকাশিত বিবৃতি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত সূচি মেনে ভারতে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল।
বিসিবির পক্ষ থেকে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করা হয়। যদিও শ্রীলঙ্কা এই বিশ্বকাপের যৌথ আয়োজক তবুও আইসিসি সেই বিশেষ আবেদন প্রত্যাখ্যান করে। সংস্থাটি জানায় তারা অভ্যন্তরীণ এবং স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা দিয়ে একাধিকবার ভারতের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করেছে।
সেই পর্যালোচনায় বাংলাদেশ দলের খেলোয়াড় কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বাস্তব নিরাপত্তা ঝুঁকি খুঁজে পাওয়া যায়নি।বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ নিরসনে আইসিসি গত তিন সপ্তাহ ধরে দীর্ঘ আলোচনা চালিয়েছে। ভার্চুয়াল এবং সরাসরি মিলিয়ে একাধিক বৈঠকে বিসিবিকে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে আশ্বস্ত করা হয়। বিষয়টি নিয়ে আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডেও বিশদ আলোচনা হয়েছে।
সবশেষে গত বুধবার এক জরুরি সভার পর বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিসিবির কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় আইসিসি তাদের নীতিমালা অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয়।নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ যে গ্রুপে ছিল অর্থাৎ গ্রুপ ‘সি’-তে এখন খেলবে স্কটল্যান্ড। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষরা হলো ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশ না থাকা দেশের ক্রিকেট ভক্তদের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থ এবং সূচির ধারাবাহিকতা বজায় রাখতেই তারা কঠোর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটিই এখন দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন