জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:১১ পিএম
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে অবশেষে বরফ গলতে শুরু করেছে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার ও অবসর নিয়ে চলমান ধোঁয়াশা কাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সরাসরি আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "জি, আলোচনা চলমান আছে।" এর ফলে আবারও লাল-সবুজের জার্সিতে সাকিবকে মাঠে দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান দেশের মাটিতে কোনো ম্যাচ খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও নিরাপত্তা ও পারিপার্শ্বিক কারণে তা সম্ভব হয়নি।
এরপর পাকিস্তান ও ভারত সফর শেষে আর জাতীয় দলের স্কোয়াডে দেখা যায়নি তাকে। ফলে তার পরিকল্পিত অবসরের পরিকল্পনাও ঝুলে যায়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি একটি সিরিজ খেলে সম্মানজনকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান।বিসিবি সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় সাকিবকে পুনরায় দলে ফেরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড পরিচালকরা জানিয়েছেন, সাকিবের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সরকারের কাছেও অনুরোধ জানানো হয়েছে। বিসিবি চায়, দেশের এই কিংবদন্তি ক্রিকেটার যেন দেশের মাঠ থেকেই বিদায় নেওয়ার সুযোগ পান। সাকিবের সাথে বিসিবির এই আলোচনা সফল হলে খুব শীঘ্রই আসন্ন আন্তর্জাতিক সিরিজে তাকে আবারও অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে। ক্রিকেটাঙ্গনে এখন সবার নজর বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন