সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতালির ইতিহাস

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ১১:৩২ পিএম

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতালির ইতিহাস

টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটা আগেই ঘরে তুলেছিল আয়ারল্যান্ড, কিন্তু সিরিজের শেষ ম্যাচটি যে ইতালির ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তা হয়তো কেউ ভাবেনি। দুবাইয়ে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে শক্তিশালী আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইতালি। ক্রিকেটের কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটিই ইতালির প্রথম আন্তর্জাতিক জয়। 

সিরিজ ২-১ ব্যবধানে হারলেও এই ঐতিহাসিক জয় ইতালিয়ান ক্রিকেটারদের কাছে শিরোপা জয়ের চেয়েও বড় প্রাপ্তি হিসেবে দেখা দিচ্ছে।ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায় আইরিশরা। 

ওপেনার পল স্টার্লিং ৩৮ বলে ৪৫ রান করে শক্ত ভিত গড়ার চেষ্টা করলেও ইতালির বোলার কালুগামাগের তোপের মুখে পড়ে মিডল অর্ডার। কালুগামাগে ২৮ রানে শিকার করেন ৩ উইকেট। শেষদিকে মার্ক অ্যাডায়ারের ২৫ রানের কল্যাণে কোনোমতে দেড়শ পার করে আয়ারল্যান্ড। 

১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইতালি, মাত্র ২২ রানেই সাজঘরে ফেরেন ২ ব্যাটার।বিপর্যয় সামাল দিয়ে হাল ধরেন অধিনায়ক ওয়েনি ম্যাডসেন। তার ৩৯ রানের ইনিংসটি ইতালির ড্রেসিংরুমে জয়ের বিশ্বাস জোগায়। তবে জয় নিশ্চিত করেন মিডল অর্ডার ব্যাটার গ্র্যান্ট স্টুয়ার্ট। 

মাত্র ১৯ বলে ৪টি ছক্কা ও ১টি বাউন্ডারিতে সাজানো তার অপরাজিত ৩৩ রানের ক্যামিও ইনিংসে ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় ইতালির আত্মবিশ্বাস আকাশচুম্বী করে তুলল। বিশ্বকাপে তারা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের গ্রুপে খেলবে।