রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন নিয়ে এবার মুখ খুললেন জাহানারা আলম

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:০৮ পিএম

যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন নিয়ে এবার মুখ খুললেন জাহানারা আলম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার করা যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগের তদন্ত প্রতিবেদন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) তার আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’র মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বিসিবির তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। 

জাহানারার দাবি, অভিযোগকারী হওয়া সত্ত্বেও তাকে আনুষ্ঠানিকভাবে তদন্তের ফলাফল জানানো হয়নি এবং প্রতিবেদনের কোনো অনুলিপিও সরবরাহ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, যৌন হয়রানি ও প্রতিশোধমূলক আচরণের মতো স্পর্শকাতর বিষয়ে তদন্ত প্রতিবেদনের এই গোপনীয়তা হতাশাজনক। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিবেদনটি বর্তমানে তাদের লিগ্যাল টিমের পর্যালোচনায় রয়েছে। তবে জাহানারাকে সেটি দেওয়া হবে কি না, তা নিশ্চিত করেনি বোর্ড। এর আগে ৪ ফেব্রুয়ারি বিসিবি জানিয়েছিল যে, 

জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে এবং সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।জাহানারা আলম স্পষ্ট করেছেন যে, তদন্ত কমিটি তার আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই গঠিত হয়েছিল, বিসিবির নিজস্ব উদ্যোগে নয়। 

কোন অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং তার ভিত্তি কী, তা সুনির্দিষ্টভাবে না জানানোয় তিনি হতাশা ব্যক্ত করেছেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই সিনিয়র ক্রিকেটার।