সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৫০ পিএম

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

উইকেট পাওয়ার উল্লাস

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ ‍‍`এ‍‍` দলের বোলাররা। ব্যাংককে অনুষ্ঠিত এই শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় টুর্নামেন্টের অন্যতম দাবিদার ভারত। 

ফলে এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৫ রানের।ম্যাচের শুরুতে ভারতীয় দুই ওপেনার নন্দিনী কাশ্যপ ও দীনেশ বৃন্দা বেশ সাবধানী ব্যাটিং করে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। 

তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ফাতেমা জাহানের বলে দীনেশ বিদায় নেওয়ার এক ওভারের মধ্যেই রানআউটের ফাঁদে পড়েন নন্দিনী। ঠিক তার পরের বলেই ফারজানা ইয়াসমিনের বোলিংয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরেন মিন্নু মানি। 

মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় ভারতীয় দল। দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটিয়ে ভারতকে আরও কোণঠাসা করে দেন বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।শুরুতে উইকেট হারিয়ে রানের গতি শ্লথ হয়ে পড়লেও পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব। রাধা ৩০ বলে ৩৬ রান করে ফাহিমা খাতুনের শিকারে পরিণত হলে এই জুটি ভেঙে যায়। 

তবে তেজাল এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান এবং শেষ পর্যন্ত ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে বল হাতে একাই লড়েছেন ফাহিমা খাতুন। তিনি একাই ৪টি উইকেট শিকার করে ভারতের বড় সংগ্রহের পথে মূল বাধা হয়ে দাঁড়ান। এছাড়া ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান একটি করে উইকেট লাভ করেন। শিরোপা নিশ্চিত করতে বাংলাদেশের ব্যাটারদের এখন দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিতে হবে।