সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:৩৪ পিএম

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ এ দলের। ব্যাংককের মাঠে ভারতকে অল্প রানে আটকে দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত চরম ব্যাটিং বিপর্যয়ে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। রোববার অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ১৩৪ রানে থামিয়ে দিলেও জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বাংলাদেশের বোলাররা শুরুতে দারুণ আধিপত্য বিস্তার করেছিলেন। বিশেষ করে ফাহিমা খাতুনের তোপে মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে এক সময় চরম বিপাকে পড়েছিল ভারতীয় দল। 

তবে পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদবের ৬৯ রানের জুটি ভারতকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়। রাধা ৩৬ রান করে বিদায় নিলেও তেজাল ৫১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে অধিনায়ক ফাহিমা খাতুন একাই ৪ উইকেট শিকার করেন। এছাড়া ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নেন।

জবাবে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার ইশমা তানজিম দ্রুত বিদায় নেওয়ার পর শারমিন সুলতানা ও শামিমা সুলতানা হাল ধরার চেষ্টা করেন। শামিমা ২০ রান করে ফিরলে দলের রানের চাকা স্থবির হয়ে পড়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। শারমিন ৩০ বলে ১৮ এবং সাদিয়া ১০ রান করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। 

বল হাতে ৪ উইকেট নেওয়া ফাহিমা ব্যাট হাতে মাত্র ১৪ রান করে আউট হন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ভারতের হয়ে প্রেমা রাওয়াত ৩টি এবং সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার ২টি করে উইকেট নেন। জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি সমর্থকরা।