সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৫, ২০২৬, ১১:২৫ পিএম

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের লড়াকু পুঁজি গড়েছিল টাইগ্রেসরা। জবাবে ব্যাট করতে নেমে শক্তিশালী ভারত ১৯ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয়। 

এই মেগা আসরে বড় ব্যবধানের এই হারের ফলে সেমিফাইনালের টিকিট পাওয়ার পথ অনেকটাই কঠিন ও সমীকরণ খচিত হয়ে গেল বাংলাদেশের মেয়েদের জন্য।ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।দলের পক্ষে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৩১ বলে সর্বোচ্চ৩৩ রান এবং তিনে নামা সোবহানা মোস্তারী ২৬ বলে ২২ রানের কার্যকরী ইনিংস খেলেন। 

চারে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৭ বলে ৩২ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দিলে দলের সংগ্রহ একশ পার হয়। শেষ দিকে স্বর্ণা আক্তারের ১০ বলে ১৩ রানের ক্যামিওতে ভর করে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। ভারতের পক্ষে বল হাতে রাধা যাদব সর্বোচ্চ ৩টি এবং শ্রী চরণী ২টি উইকেট শিকার করেন।রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা শুরু থেকেই লড়াকু মেজাজে খেলেন। 

ওপেনার শেফালি ভার্মা দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে ৩৪ বলে ৫৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন এবং তিনে নামা যস্তিকা ভাটিয়া ১৮ বলে ২৩ রান করে দলের জয় সহজ করেন। মাঝের ওভারে বাংলাদেশের রিতু মনি ২টি এবং রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার ১টি করে উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা জেতার জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে জেমিমাহ রদ্রিগেসের ১৫ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ভারত সহজ জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা পোক্ত করল ভারত। অন্যদিকে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল বাংলাদেশ। আগামী ২৮ জুনের ম্যাচে লন্ডনের লর্ডস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।