রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৪৬ বছর পর এশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশ ফুটবল দল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০২:৫৩ পিএম

৪৬ বছর পর এশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশ ফুটবল দল

এশিয়ান কাপে বাংলাদেশ

দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়ান কাপে ফিরল বাংলাদেশ। সবশেষ ১৯৮০ সালে কুয়েতের আসরে খেলেছিল বাংলাদেশের পুরুষ ফুটবল দল। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন; নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো নাম লিখিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় অস্ট্রেলিয়ার ওয়েস্টর্ন সিডনি স্টেডিয়ামে নিজেদের অভিষেক ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হয়েছে লাল-সবুজরা।

ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশ কোচ পিটার বাটলারের একাদশে দেখা গেছে বড় ধরনের পরিবর্তন। দলের এক নম্বর গোলরক্ষক রূপনা চাকমাকে সাইডবেঞ্চে রেখে গোলপোস্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ মিলি আক্তারকে। 

দলীয় সূত্রে জানা গেছে, চীনা ফুটবলারদের উচ্চতার সুবিধা মোকাবিলা করতেই অপেক্ষাকৃত দীর্ঘদেহী মিলিকে বেছে নিয়েছেন কোচ। এছাড়া আক্রমণভাগের নিয়মিত মুখ তহুরা খাতুনকেও শুরুর একাদশে রাখেননি বাটলার। মূলত রক্ষণভাগকে নিশ্ছিদ্র রাখতেই ৫-৪-১ ফরমেশনে দল সাজিয়েছেন তিনি।

র‌্যাঙ্কিং ও শক্তিমত্তার বিচারে দুই দলের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। যেখানে চীন ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে এবং রেকর্ড নয়বার এই শিরোপা জিতেছে, সেখানে বাংলাদেশের অবস্থান ১১২তম। অভিজ্ঞতার এই ঘাটতি পোষাতে রক্ষণভাগে শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুনকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় রাখা হয়েছে। মাঝমাঠে মনিকা চাকমা, মারিয়া মান্দা ও ঋতুপর্ণা চাকমাদের মূল চ্যালেঞ্জ হবে চীনের আক্রমণ রুখে দিয়ে প্রতি-আক্রমণে সুযোগ তৈরি করা।

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে উত্তর কোরিয়া। প্রথমবার খেলতে নামা ঋতুপর্ণা-মারিয়াদের লক্ষ্য থাকবে এশিয়ান কাপের এই বড় মঞ্চে নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়া এবং শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে সম্মানজনক ফলাফল অর্জন করা।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবিরন খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা ও শামসুন্নাহার সিনিয়র।

চীনের একাদশ: চেন চেন, ওয়াং লিনলিন, উ হাইয়ান, ঝ্যাং চেংজু, লু ইয়াটং, ওয়াং সুয়াং, ওয়াং আইফাং, লিউ জিং, ঝ্যাং রুই, উরিংগুমুলা, জিন কুন।