মার্চ ৫, ২০২৬, ০৯:০০ পিএম
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই দলে বড় চমক হিসেবে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। দীর্ঘ দেড় বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার।
আফিফ ছাড়াও দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাস, পেসার শরিফুল ইসলাম ও গতিময় পেসার নাহিদ রানা। তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড থেকে ৬ জন খেলোয়াড় জায়গা হারিয়েছেন।
পেস ইউনিটে বড় দুই ধাক্কা হয়ে এসেছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি। ডান হাতের ইনজুরিতে ভুগছেন হাসান মাহমুদ এবং পিঠের ব্যথায় পুনর্বাসনে রয়েছেন তানজিম হাসান সাকিব। এই চোটের কারণে তারা দুজনেই স্কোয়াডের বাইরে রয়েছেন। এছাড়া সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় বাদ পড়েছেন জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান এবং নাসুম আহমেদ।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, মিডল অর্ডারকে শক্তিশালী করতে এবং অভিজ্ঞতার কথা মাথায় রেখেই আফিফ হোসেনকে পুনরায় বিবেচনায় নেওয়া হয়েছে। লিটন দাসের সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনা থাকলেও তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল।আগামী ৮ মার্চ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।
একদিনের বিরতি শেষে ১০ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের পর ১১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর ১৩ এবং ১৫ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়ানোর কথা রয়েছে। নির্বাচকরা মনে করছেন, মিরাজের নেতৃত্বে এই ভারসাম্যপূর্ণ দলটি পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে সক্ষম হবে। বিশেষ করে সৌম্য সরকারের বর্তমান ছন্দ এবং নাহিদ রানার গতির ওপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন