মার্চ ৬, ২০২৬, ০৯:৩৫ পিএম
২০২৬ সালের এশিয়ান কাপকে সামনে রেখে ইরানের নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশীয় ফুটবল কনফেডারেশনের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ফিফপ্রো। পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক এই সংগঠনটি ইরানের ফুটবলারদের বিরুদ্ধে ওঠা সম্ভাব্য রাষ্ট্রীয় দমন-পীড়ন ও হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থাটি মনে করে, যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষগুলোর প্রধান নৈতিক দায়িত্ব।
ঘটনার সূত্রপাত হয় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ইরানের নারী দলের একটি ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচের শুরুতে প্রথা অনুযায়ী ইরানের জাতীয় সংগীত পরিবেশন করা হলেও দেশটির নারী ফুটবলাররা তাতে কণ্ঠ মেলাননি। খেলোয়াড়দের এমন নীরবতাকে ঘিরে ইরানে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এর পরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের একজন পরিচিত উপস্থাপক মোহাম্মদ রেজা শাহবাজি একটি ভিডিও বার্তায় খেলোয়াড়দের কঠোর সমালোচনা করেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে শাহবাজি দাবি করেন, নারী ফুটবলাররা জাতীয় সংগীত না গেয়ে দেশের প্রতি চরম অসম্মান প্রদর্শন করেছেন এবং তাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে।
তিনি অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করে বলেন যে, যুদ্ধের সময় বা কঠিন পরিস্থিতিতে এই ধরনের আচরণ সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল। একইসঙ্গে তিনি এমন বিশ্বাসঘাতকদের কঠোরভাবে মোকাবিলা করার জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এই ধরনের হুমকিমূলক বক্তব্যের প্রেক্ষিতেই ফিফপ্রো আন্তর্জাতিক ফুটবল সংস্থাকে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ করেছে যাতে কোনো খেলোয়াড় তাদের ব্যক্তিগত মতপ্রকাশ বা আচরণের কারণে রাষ্ট্রীয় আক্রোশের শিকার না হন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন