মার্চ ৯, ২০২৬, ০৮:০৮ পিএম
অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপের অভিযাত্রা শেষ হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলের। চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের মতো ফুটবল পরাশক্তিদের বিপক্ষে মাঠের লড়াইয়ে জয় না এলেও, লাল-সবুজ জার্সিধারীদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে সবার। বিশেষ করে কোচ পিটার বাটলার ঋতুপর্ণা, মনিকা ও আফঈদা-দের সাহসিকতার প্রশংসা করতে কার্পণ্য করেননি।
তবে দলের পারফরম্যান্সে মুগ্ধ হলেও বাংলাদেশের ফুটবল অবকাঠামো, প্রস্তুতির অভাব এবং আধুনিক প্রযুক্তির অভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই ইংলিশ কোচ।
বাটলারের মতে, এই লড়াইটা ছিল অনেকটা অসম। চীন (র্যাঙ্কিং ১৭) ও উত্তর কোরিয়ার (র্যাঙ্কিং ৯) মতো দলের বিপক্ষে বাংলাদেশ যেখানে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই খেলতে নেমেছে, সেখানে ভালো ফলাফলের আশা করাটা কঠিন। তিনি আক্ষেপ করে বলেন, "আমাদের প্রতিপক্ষরা যখন ভিডিও সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠে আসে, তখন আমাদের কাছে সেই বিলাসিতা নেই।
মনে হয় যেন একজন বক্সার এক হাত পেছনে বাঁধা অবস্থায় লড়াই করতে যাচ্ছে।" তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশে মেয়েদের প্রশিক্ষণের জন্য একটি নির্দিষ্ট মানসম্মত মাঠ পর্যন্ত নেই, যা এশীয় পর্যায়ে লড়াই করার জন্য অত্যন্ত জরুরি।এশিয়ান কাপে চীন ২-০, উত্তর কোরিয়া ৫-০ এবং শেষ ম্যাচে উজবেকিস্তান ৪-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে। বাটলার মনে করেন, স্কোরলাইন সব সময় মাঠের প্রকৃত লড়াইকে প্রতিফলিত করে না।
তাঁর মতে, গড় ১৯ বছর বয়সী এই তরুণ দলটির জন্য আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ এবং উন্নত ক্যাম্পের প্রয়োজন ছিল। গত ডিসেম্বরের পর কোনো প্রস্তুতি ম্যাচ না খেলা এবং থাইল্যান্ডের ক্যাম্প বাতিল হওয়াকে তিনি বড় অন্তরায় হিসেবে দেখছেন।
সবশেষে, নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখেই কথা শেষ করেছেন বাটলার। তিনি জানিয়েছেন, আপাতত ছুটি নিয়ে ইংল্যান্ডে ফিরে যাবেন এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ফুটবলের সাথে তাঁর পরবর্তী যাত্রা কেমন হবে। মেয়েদের প্রতি অগাধ শ্রদ্ধা থাকলেও দেশের ফুটবল ব্যবস্থাপনার সীমাবদ্ধতা যে তাঁকে ক্লান্ত করে তুলেছে, তাঁর কথাতেই তা স্পষ্ট।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন