রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক দলে থাকলেও ব্রাজিলের মূল দল থেকে বাদ পড়ছেন নেইমার!

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১০, ২০২৬, ১০:১১ পিএম

প্রাথমিক দলে থাকলেও ব্রাজিলের মূল দল থেকে বাদ পড়ছেন নেইমার!

নেইমার ও কার্লো আনচেলত্তি

ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে একটি প্রাথমিক দল গঠন করেছেন যেখানে জায়গা পেয়েছেন সুপারস্টার নেইমার জুনিয়র। ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ও গ্লোবো ও ইউওএল এ তথ্য নিশ্চিত করেছে। 

তবে প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে নেইমারের থাকা নিয়ে এখন নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।কার্লো আনচেলত্তি চূড়ান্ত দল ঘোষণার আগে ফুটবলারদের শারীরিক অবস্থা ও ফর্ম সরাসরি পরখ করে নিতে চেয়েছিলেন। 

বিশেষ করে চোট কাটিয়ে ফেরা নেইমারের ওপর তার বিশেষ নজর ছিল। মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণার কথা থাকলেও তার আগে সোমবার মিরাসলের বিপক্ষে সান্তোসের হয়ে নেইমারের একটি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু মাংসপেশিতে ফের চোট পাওয়ায় ওই ম্যাচে দর্শক হয়েই থাকতে হয়েছে তাকে। অথচ কোচ আনচেলত্তি গ্যালারিতে বসে এই ম্যাচটি পর্যবেক্ষণের পরিকল্পনা করেছিলেন।

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি এই গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করার কারণে প্রীতি ম্যাচের মূল দল থেকে ছিটকে যেতে পারেন নেইমার। আগামী রোববার ব্রাজিলিয়ান সিরি’এতে করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের আরও একটি ম্যাচ রয়েছে। তার মানে মূল দল ঘোষণার আগে নেইমার নিজেকে প্রমাণ করার জন্য মাত্র একটি সুযোগ পাবেন। তবে ওই ম্যাচে আনচেলত্তির উপস্থিত থাকার সম্ভাবনা নেই। ফলে কোচকে সরাসরি প্রভাবিত করার সুযোগ নেইমারের সামনে এখন সীমিত।

আগামী ২৬ মার্চ রাতে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচটি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। নেইমারকে ছাড়াই এই বড় দুটি ম্যাচে ব্রাজিল মাঠে নামে কি না তা এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শেষ মুহূর্তে ফিটনেস প্রমাণ করতে না পারলে নেইমারকে ছাড়াই হয়তো পরিকল্পনা সাজাতে হবে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড কোচকে।