মার্চ ২৪, ২০২৬, ০৫:০৯ পিএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এখন বইছে বাড়তি উন্মাদনা। দীর্ঘ প্রতীক্ষার পর ভিয়েতনামে চলমান জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দলের সঙ্গে যুক্ত হন।
হামজার এই উপস্থিতি ২৬ মার্চ হতে যাওয়া ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লাল-সবুজ শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।ইংল্যান্ডে ক্লাব ফুটবলের ব্যস্ততা থাকায় পূর্বনির্ধারিত সময়ের দু’দিন পর ভিয়েতনামে পৌঁছান হামজা।
ইংল্যান্ড থেকে তুর্কি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়ে স্থানীয় সময় বিকেল চারটায় তিনি হ্যানয়ে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বিমানবন্দর থেকে সরাসরি তাকে দলের থাকার জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়।
দলে যোগ দিলেও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি হামজার শারীরিক অবস্থায় প্রভাব ফেলেছে। মঙ্গলবার বিকেলে দলের নির্ধারিত অনুশীলন থাকলেও কোচিং স্টাফরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে আজ হামজার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামীকালের অনুশীলনে তিনি পূর্ণ উদ্যমে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ দলের পরবর্তী সূচি অনুযায়ী, ২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দলটি উড়াল দেবে সিঙ্গাপুরের উদ্দেশে, যেখানে ৩১ মার্চ আরেকটি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে। এই দুই ম্যাচ শেষেই পুরো দল ঢাকায় ফিরবে। তবে হামজা চৌধুরী সিঙ্গাপুর সফর শেষে সরাসরি ইংল্যান্ডে ফিরে যাবেন তাঁর ক্লাব ফুটবলের দায়িত্ব পালনের জন্য। হামজার এই অন্তর্ভুক্তি বাংলাদেশের মাঝমাঠকে কতটা শক্তিশালী করবে, এখন সেটাই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন