রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন রোনালদো জুনিয়র!

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৯:০৬ পিএম

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন রোনালদো জুনিয়র!

রিয়ালে রোনালদো জুনিয়র

স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে আবারও ‘রোনালদো’ নাম দেখার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। তবে এবার কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো নয় বরং তার ১৫ বছর বয়সী ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে সম্প্রতি এই কিশোর ফুটবলারের অনুশীলনের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ফুটবল বিশ্বে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। 

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য অ্যাথলেটিক ও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মারকা নিশ্চিত করেছে যে রোনালদো জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদের ক্যাডেট এ দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন।

জানা গেছে ক্লাব কর্তৃপক্ষ বর্তমানে তার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে উইঙ্গার পজিশনে তার খেলার ধরন এবং কৌশল যাচাই করে দেখা হচ্ছে। আগামী কয়েক দিন তাকে একইভাবে পর্যবেক্ষণে রাখা হবে এবং সবকিছু ঠিক থাকলে শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিতে পারেন। 

বর্তমানে এই তরুণ ফুটবলার সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব একাডেমিতে খেলছেন। ২০২২ সালে তার বাবা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের যুব দলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

যুক্তরাষ্ট্রে জন্ম গ্রহণ করলেও আন্তর্জাতিক ফুটবলে নিজের বাবার দেশ পর্তুগালকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো জুনিয়র। গত বছরের মে মাসে তিনি প্রথমবার জাতীয় দলের ডাক পান এবং পর্তুগাল অনূর্ধ্ব ১৫ দলের হয়ে জাপানের বিপক্ষে অভিষেকও সম্পন্ন করেছেন। আগামী জুনে তিনি ১৬ বছরে পদার্পণ করবেন এবং তখন থেকেই পেশাদার যুব পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত হওয়ার সুযোগ পাবেন। ছেলের এই নতুন যাত্রা ফুটবল প্রেমীদের মনে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনছে। 

কারণ ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো অভাবনীয় সাফল্য অর্জন করেছিলেন। বর্তমানে ৪১ বছর বয়সেও ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে আল নাসরের হয়ে খেলছেন সিআরসেভেন। এখন কেবল সময়ের অপেক্ষা যে বাবার উত্তরসূরি হিসেবে রিয়াল মাদ্রিদে রোনালদো জুনিয়র কতটা উজ্জ্বল হতে পারেন।