রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক কাবাডিতে হারানো গৌরব ফিরছে বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১১:৩৯ পিএম

আন্তর্জাতিক কাবাডিতে হারানো গৌরব ফিরছে বাংলাদেশের

সাফল্যের রঙে কাবাডি দল

এক সময় আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে বাংলাদেশ মানেই ছিল পদকের নিশ্চয়তা। তবে সময়ের পরিক্রমায় সেই ধারাবাহিকতায় বড় ধরণের ছেদ পড়েছিল। পুরুষ দল ২০০৬ সাল এবং নারী দল ২০১৪ সালের পর থেকে বড় কোনো আন্তর্জাতিক আসরে পদকের দেখা পায়নি। দীর্ঘ প্রায় এক দশকের সেই খরা কাটিয়ে আবারও সাফল্যের কক্ষপথে ফিরতে শুরু করেছে দেশের জাতীয় খেলা কাবাডি। 

বর্তমান ফেডারেশন কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের জোরালো ইঙ্গিত মিলছে।তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ মোট ছয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 

এর মধ্যে ৫টি আসরেই সাফল্যের দেখা পেয়েছে লাল-সবুজরা। এই অর্জনকে দেশের কাবাডির হারানো গৌরব পুনরুদ্ধারের পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। গত এক বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় এবং নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন। 

এছাড়া যুব এশিয়ান গেমসে বালক ও বালিকা উভয় বিভাগে ব্রোঞ্জ এবং নারী বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয় করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ।সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে নানা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে কাবাডি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন যে এই অর্জনগুলো কেবল সূচনামাত্র। 

বাংলাদেশকে বিশ্ব কাবাডির অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তারা। এই লক্ষ্য বাস্তবায়নে গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে একটি অত্যাধুনিক কাবাডি ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি খাতের পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। পরিকল্পিত উদ্যোগ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে কাবাডির মাধ্যমেই বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরা সম্ভব হবে।