এপ্রিল ১৭, ২০২৬, ০৪:০১ পিএম
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে চমৎকার বোলিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাটিং করতে নামা কিউইরা টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলতে সক্ষম হয়েছে।
ফলে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতে হলে স্বাগতিকদের করতে হবে ২৪৮ রান। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়েছেন হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফট। তবে বাংলাদেশি বোলারদের গতির ঝড়ে কেউই ইনিংস বড় করতে পারেননি।
শুক্রবার দুপুরের দিকে মিরপুরের উইকেটে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। দলীয় ২১ রানেই কিউইদের উদ্বোধনী জুটি ভেঙে দেন পেসার শরিফুল ইসলাম। নিক কেলিকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তিনি।
এরপর ডিন ফক্সক্রফট এবং উইল ইয়াং মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দলীয় ৯৪ রানে উইল ইয়াংকে ব্যক্তিগত ৩০ রানে বিদায় করেন তরুণ স্পিনার রিশাদ হোসেন। উইকেটের অপরপ্রান্তে অধিনায়ক টম ল্যাথামও বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাকে বোল্ড করে সাজঘরে পাঠালে চাপে পড়ে ব্ল্যাকক্যাপসরা।নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন হেনরি নিকোলস। রিশাদ হোসেনের বলে আউট হওয়ার আগে তিনি বেশ কিছুক্ষণ স্বাগতিক বোলারদের ধৈর্য পরীক্ষা নেন।
তার বিদায়ের পর ডিন ফক্সক্রফট দায়িত্বশীল ব্যাটিং করে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে তাকে ৫৯ রানে থামিয়ে দেন নাহিদ রানা। মিডল অর্ডারে আব্বাসকে মাত্র ১৪ রানে ফিরিয়ে শরিফুল ইসলাম নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন। ইনিংসের শেষ দিকে জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহটা বড় হতে দেননি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কৃপণ বোলিং করেছেন শরিফুল ইসলাম।
তিনি মাত্র ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও সমান দুটি করে উইকেট শিকার করে কিউইদের লাগাম টেনে ধরেন। এছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট পেয়েছেন। কিউইদের ইনিংস শেষে নাথান স্মিথ ২১ রানে অপরাজিত ছিলেন। এখন ২৪৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠের এই উইকেটে ব্যাটসম্যানরা কতটুকু সুবিধা করতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন