রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দিনে শাস্তি পেল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০২:২৫ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দিনে শাস্তি পেল বাংলাদেশ

জরিমানার কবলে বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে কিউইদের হারানোর আনন্দের মাঝেই টাইগারদের জন্য এল একটি দুঃসংবাদ। ধীরগতির ওভার রেট বা স্লো ওভার রেটের দায়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরিমানার কবলে পড়তে হয়েছে স্বাগতিক দলকে। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এই শাস্তির কথা জানায়।সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার মিরপুরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি বাংলাদেশ দল। 

আইসিসি আচরণবিধির ২.২২ ধারা মোতাবেক, যদি কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের ওভার শেষ করতে ব্যর্থ হয়, তবে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ হারে জরিমানা করার বিধান রয়েছে। যেহেতু বাংলাদেশ ওই ম্যাচে লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল, তাই দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফির মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির ঘোষণা দেন। মূলত মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেলসহ থার্ড আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ওভার রেটের বিষয়ে অভিযোগটি উত্থাপন করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই দায় স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। জয়ের উৎসবের মাঝে এমন আর্থিক জরিমানা দলের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও সিরিজের শেষ ম্যাচের আগে এটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলতে নামা দলটির হয়ে বল হাতে বিধ্বংসী রূপ দেখান তরুণ পেসার নাহিদ রানা। মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে তিনি নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই থামিয়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের বিস্ফোরক ৭৬ এবং নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল অর্ধশতকে ভর করে ৮৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে, তবে মাঠের নিয়মে সামান্য ভুলের মাশুল দিতে হচ্ছে পুরো দলকে।