মে ২, ২০২৬, ০৪:৫৬ পিএম
বৃষ্টির বাধা কাটিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বিকেল সাড়ে চারটায় ম্যাচ পুনরায় শুরু হয়। তবে সময়ের অভাবে ম্যাচের পরিধি কমিয়ে ১৫ ওভারে নামিয়ে আনা হয়েছে।
ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ইনিংস এখন ১৫ ওভারের হবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বল করতে পারবেন এবং পাওয়ার প্লে নির্ধারিত হয়েছে ৪.৩ ওভার পর্যন্ত। খেলা পুনরায় শুরুর আগে সপ্তম ওভারের চার বল শেষে বৃষ্টির কারণে বিরতি ছিল।
তবে খেলা শুরুর পরপরই বড় ধাক্কা খায় বাংলাদেশ। সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক লিটন কুমার দাস। আউট হওয়ার আগে ১৭ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৬ রান করেন তিনি। দলীয় ৬৩ রানে লিটনের বিদায়ের পর বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন ঘটে।
বর্তমানে ক্রিজে তাওহীদ হৃদয়ের সঙ্গে অবস্থান করছেন শামীম হোসেন। হৃদয় ১৬ বলে ২০ রান নিয়ে ব্যাট করছেন।এর আগে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায়। কিউই অধিনায়ক নিক ক্যালি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। পিঠের ইনজুরির কারণে তানজিম হাসান সাকিব বাদ পড়ায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
নিউজিল্যান্ডও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। বেন লিস্টার ও ম্যাট ফিশারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জেডন লেনক্স ও বেন সিয়ার্স। তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। চট্টগ্রামের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আজ সিরিজ জয়ের শেষ সুযোগ টাইগারদের সামনে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন