রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা প্রায় নিশ্চিত

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৩০ পিএম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা প্রায় নিশ্চিত

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের যে শঙ্কা তৈরি হয়েছিল, সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফরম্যান্সে তা অনেকটাই কেটে গেছে। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা টাইগাররা সরাসরি বিশ্বকাপে খেলার দৌড়ে এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই ফরম্যাটে খেলা সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজের সবকটিতেই জয়ের ফলে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির অবস্থান এখন আরও সুসংহত।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে এবারের আসরের স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। 

যেহেতু দক্ষিণ আফ্রিকা বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের মধ্যে অবস্থান করছে, তাই তারা আটের বাইরে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই সমীকরণ অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও বাংলাদেশ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নামের পাশে ৮৩ রেটিং পয়েন্ট রয়েছে। অন্যদিকে মূল প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ ১০ম অবস্থানে থাকলেও তাদের রেটিং পয়েন্ট বর্তমানে ৭৭। আগামী বছরের মার্চ পর্যন্ত নিজেদের এই নবম অবস্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। নির্ধারিত এই সময়ের আগে ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই দুই শক্তিশালী দলের অবস্থান র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে হওয়ায় তাদের বিপক্ষে হারলেও খুব বেশি পয়েন্ট হারাবে না টাইগাররা। তবে ঘরের মাঠে অন্তত একটি করে ম্যাচ জিতলেও বেশ সহজেই নবম অবস্থান ধরে রাখা সম্ভব হবে।

দলের বর্তমান পরিকল্পনা সম্পর্কে প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন যে, কেবল আট নম্বরে থেকে কোয়ালিফাই করাই বড় কথা নয়, দল হিসেবে আরও ভালো ক্রিকেট খেলে টেবিলের ওপরের দিকে যাওয়াই তাদের মূল লক্ষ্য। তার মতে, কোয়ালিফিকেশনের সময় দল সাত বা ছয় নম্বর অবস্থানে থাকতে পারলে সেটি আরও ইতিবাচক হবে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পর লিটন-মিরাজরা যেন কোচের সেই আস্থার প্রতিদানই দিয়েছেন।

অধিনায়ক মেহেদি হাসান মিরাজও দলের বর্তমান মানসিকতা নিয়ে আত্মবিশ্বাসী। বৃহস্পতিবার সিরিজ জয়ের পর তিনি জানান যে, বিশ্বকাপে সরাসরি খেলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাঠের ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখাও জরুরি। মিরাজ মনে করেন, দল যদি এভাবেই পারফর্ম করতে পারে তবে সেরা নয় নম্বর নয়, বরং র‍্যাঙ্কিংয়ে আরও অনেক ওপরে থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব হবে। এখন সব পরিকল্পনা ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজ দুটিকে কেন্দ্র করেই সাজানো হচ্ছে।