এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৫৯ পিএম
মাঠে অশোভন আচরণের দায়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তির আওতায় এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি। গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উভয় ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তাঁদের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। লঙ্কানদের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজের মাঝপথে টাইগ্রেস শিবিরের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আইসিসির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে এমন কোনো ভাষা বা অঙ্গভঙ্গি করা যাবে না যা উস্কানিমূলক বা অবমাননাকর।
গত বুধবার শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে প্রতিপক্ষ অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর নাহিদা তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করে বিদায় জানান, যা আম্পায়ারদের দৃষ্টিগোচর হয়। অন্যদিকে, শারমিন সুলতানা ভঙ্গ করেছেন ২.৮ ধারা, যা মূলত আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সাথে সম্পর্কিত।ম্যাচ চলাকালীন নিজের আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখান শারমিন। বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট হওয়ার পর তিনি আম্পায়ারের দিকে ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং মাঠ ছাড়তে বেশ দেরি করেন।
ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি এই আচরণকে আম্পায়ারের প্রতি অশ্রদ্ধা হিসেবে গণ্য করেছে। যেহেতু গত ২৪ মাসের মধ্যে এটি এই দুই ক্রিকেটারের প্রথম কোনো অপরাধ, তাই প্রাথমিক অবস্থায় তাদের ম্যাচ ফির ক্ষুদ্র অংশ জরিমানা হিসেবে ধার্য করা হয়েছে।শাস্তি ঘোষণার পর নাহিদা ও শারমিন উভয়ই নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন। আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত এই শাস্তি তাঁরা মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, ওই ম্যাচে শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়লাভ করে সিরিজে সমতা ফিরিয়েছিল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়টিও এখন টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ক্রিকেটারদের মেজাজ নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন