এপ্রিল ২৮, ২০২৬, ০২:০৭ পিএম
আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিষেধাজ্ঞা কমাতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচে তারকাদের উপস্থিতি নিশ্চিত করতে এই নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে সংস্থাটি।
প্রস্তাব অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার-ফাইনালের পর—এই দুই ধাপে খেলোয়াড়দের দেখা হলুদ কার্ড ‘অ্যামনেস্টি’ বা মুছে ফেলা হতে পারে। বর্তমানে প্রচলিত নিয়মে একটি দল কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পাঁচটি ম্যাচ খেলে। এ সময়ের মধ্যে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখলে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হন।
আসন্ন বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হচ্ছে। এতে ম্যাচসংখ্যা বৃদ্ধি পাওয়ায় খেলোয়াড়দের কার্ড দেখার এবং নিষেধাজ্ঞার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এ পরিস্থিতি সামাল দিতেই ফিফা নতুন কাট-অফ ব্যবস্থা চালুর কথা ভাবছে।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে সব খেলোয়াড়ের কার্ড রিসেট বা মুছে ফেলা হবে। এরপর নকআউট পর্বের আওতাধীন শেষ ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার-ফাইনালের ম্যাচগুলোতে নতুন করে কার্ড গণনা শুরু হবে। কোয়ার্টার-ফাইনাল শেষ হওয়ার পর আবারও সব কার্ড মুছে দেওয়া হবে। এর ফলে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ডের কারণে তারকা খেলোয়াড়দের মাঠের বাইরে থাকার আশঙ্কা থাকবে না।
তবে কার্ড মুছে ফেলার নিয়ম আসলেও, নির্দিষ্ট টুর্নামেন্ট পর্বে দুটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষেধাজ্ঞার মূল নিয়মটি বহাল থাকবে। ফিফার মতে, ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়ায় ধাপে ধাপে কার্ড মুছে ফেলা একটি ন্যায্য সমাধান হতে পারে। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন