মে ১৩, ২০২৬, ১১:৫৩ এএম
মিরপুর টেস্টের রোমাঞ্চের মধ্যেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন এই স্কোয়াডে কোনো ধরনের পরিবর্তন বা চমক রাখেনি বোর্ড। প্রথম টেস্টের ১৫ সদস্যের দলকেই অপরিবর্তিত রাখা হয়েছে সিলেট টেস্টের জন্য।বিসিবির ঘোষণা অনুযায়ী, মিরপুর টেস্টের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই থাকছেন সিলেটের মিশনে।
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ব্যাটার অমিত হাসান তাঁর জায়গা ধরে রেখেছেন। জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে খেলার অভিজ্ঞতা থাকায় ঘরের মাঠে এই ক্রিকেটারের পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের।
দীর্ঘ দেড় বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরা পেসার তাসকিন আহমেদও স্কোয়াডে রয়েছেন। তবে প্রথম টেস্টের ধকল সামলে টানা দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে টিম ম্যানেজমেন্টের মাঝে আলোচনা রয়েছে। একই সাথে তরুণ গতিশীল পেসার নাহিদ রানাকেও স্কোয়াডে রাখা হয়েছে।
আগামী শনিবার সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। সূচি অনুযায়ী, মিরপুরে প্রথম টেস্ট শেষ করে বুধবারই সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দল।বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
সিলেটের কন্ডিশন ও পিচের আচরণ বিবেচনায় নিয়ে শেষ মুহূর্তের একাদশ সাজাবেন কোচ ও অধিনায়ক। স্বাগতিক দল হিসেবে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছে বিসিবি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন