জুন ৬, ২০২৬, ১১:৫৪ এএম
ইউরোপের মাটিতে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচেই জয়ের হাসি হাসল বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে নতুন অধ্যায় শুরু করেছে লাল-সবুজের দল। সেরাভালের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে এই ঐতিহাসিক জয়টি এসেছে ডিফেন্ডার তপু বর্মণের জোড়া গোলে।তপু বর্মণের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি স্মরণীয় হয়ে রইল।
ম্যাচের উনিশতম মিনিটে মোরছালিনের ক্রস থেকে হেডে প্রথম গোলটি করেন তপু। তবে ৩১তম মিনিটে স্বাগতিক খেলোয়াড় নিকোলাস জাকোপেত্তির গোলে সমতায় ফেরে সান মারিনো। প্রথমার্ধ শেষে স্কোরবোর্ড ছিল ১-১। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং জয়ের জন্য মরিয়া চেষ্টা চালায়।
ম্যাচের ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি আসে।হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে পাওয়া সুযোগটি কাজে লাগান তপু বর্মণ। দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।
এই ম্যাচে জার্মানির কোচ থমাস ডুলির প্রধান কোচ হিসেবে অভিষেক হলো, যার কৌশলী পরিকল্পনা মাঠের খেলায় সফল হয়েছে।প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উল্লাসে মুখর ছিল পুরো স্টেডিয়াম।ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে এই প্রথম জয় বাংলাদেশ ফুটবলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। মাঠের সাফল্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে পুরো দেশের ক্রীড়াঙ্গনে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন