জুন ১০, ২০২৬, ১১:২২ পিএম
আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৪৮টি দেশ, যার উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের কোটি সমর্থককেও। ঘরে বসে টেলিভিশনের পর্দায় খেলা দেখার পাশাপাশি অনেকেই জানতে চাচ্ছেন যে ঘরের বাইরে থাকলে বা ভ্রমণে থাকলে মোবাইলে কীভাবে প্রতিটি ম্যাচ উপভোগ করা যাবে।
টেলিভিশন চ্যানেলের পাশাপাশি দেশের একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবার সরাসরি খেলা সম্প্রচারের প্রস্তুতি নিয়েছে।বাংলালিংকের জনপ্রিয় অ্যাপ্লিকেশন টফি তাদের বিশেষ অফারে মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে।
অন্যদিকে গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম বায়োস্কোপ তাদের অ্যাপ ও ওয়েবসাইটে মাত্র ৯৭ টাকায় পুরো টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং সুবিধা নিশ্চিত করেছে। এর বাইরে খেলা দেখা যাবে ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টসের নিজস্ব অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইটেও। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনও প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে, যেখানে পুরো টুর্নামেন্টের জন্য খরচ হবে ৯৯ টাকা।
আইস্ক্রিন অ্যাপে স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্ট টিভিতে সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে খেলাগুলো উপভোগ করা যাবে। তাদের নিয়মিত সাবস্ক্রিপশন ফি হিসেবে প্রতিদিন ৩ টাকা, সাপ্তাহিক ২০ টাকা এবং মাসিক ৭৯ টাকার বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ রয়েছে। যৌথভাবে এই ফুটবল মহাযজ্ঞের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৩টি দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইন্টারনেটের গতি ভালো থাকলে স্মার্টফোনের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকেই দেশের দর্শকরা এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবেন। ফলে কর্মব্যস্ততার মাঝেও ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের কোনো রোমাঞ্চকর মুহূর্ত মিস করবেন না বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন