রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কেন উইলিয়ামসন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৫:৩৫ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড ক্রিকেটের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন। প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে কিউই ক্রিকেটের প্রধান নির্ভরযোগ্য মুখ হয়ে থাকা ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝপথেই বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন। নিউজিল্যান্ডের জার্সিতে আর কখনো দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা এই নির্ভরযোগ্য ব্যাটারকে।

নজিরবিহীন এই সিদ্ধান্তের ফলে ঐতিহ্যবাহী লর্ডস টেস্টই হয়ে থাকল কেন উইলিয়ামসনের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের বাকি দুটি টেস্টেও তিনি আর খেলবেন না। এর মাধ্যমে সব সংস্করণ মিলিয়ে ৩৭৮টি ম্যাচের এক দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

 বিদায়ের এই বড় সিদ্ধান্ত নিয়ে কেন উইলিয়ামসন জানিয়েছেন যে এটি হুট করে নেওয়া কোনো পদক্ষেপ নয়, বরং বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে ভাবছিলেন। শেষ পর্যন্ত বিদায় বলার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময় বলে নিজের ভেতর উপলব্ধি করেছেন এবং শতভাগ দিতে না পারলে খেলা চালিয়ে যাওয়া সঠিক নয় বলে মনে করেন তিনি।লর্ডসের শেষ ম্যাচটি অবশ্য এই কিউই তারকার জন্য মোটেও স্মরণীয় হয়ে থাকেনি। সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড ১১৫ রানের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের কাছে। প্রথম ইনিংসে মাত্র দুই বল খেলে শূন্য রানে আউট হওয়া কেন উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসেও বড় কিছু করতে পারেননি, করেন মাত্র ১৮ রান। 

তবে সামগ্রিক পরিসংখ্যানের দিকে تাকালে কিউই ক্রিকেটের ইতিহাসে তাঁর নাম অনেক উঁচুতেই থাকবে। তিনি ১১০টি টেস্টে ৩৩টি সেঞ্চুরি ও ৩৮টি হাফসেঞ্চুরিতে ৫৪ দশমিক ০৬ গড়ে করেছেন ৯ হাজার ৫১৫ রান। ওয়ানডেতেও ১৭৫টি ম্যাচে ১৫টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটিতে করেছেন ৭ হাজার ২৫৬ রান।অধিনায়ক হিসেবেও নিউজিল্যান্ডের ক্রিকেটে বিশেষ জায়গায় থাকবেন তিনি, যাঁর নেতৃত্বে দল ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। 

তাঁর সবচেয়ে বড় অর্জন ছিল ভারতকে হারিয়ে ২০২১ সালের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করা। ব্যক্তিগত অর্জনে তিনি চারবার জিতেছেন নিউজিল্যান্ডের সর্বোচ্চ সম্মান স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। এই কিংবদন্তির অবসরের ফলে আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপেও কিউই দলে তাঁকে আর দেখা যাবে না। ওভালের আগামী ১৭ জুনের দ্বিতীয় টেস্টের জন্য দ্রুতই তাঁর বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।