জুলাই ২, ২০২৬, ০৫:১০ পিএম
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এবারের আসরে এটি অন্যতম আলোচিত ব্লকবাস্টার ম্যাচ। এই লড়াই শুধু পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়ার টিকে থাকার সংগ্রাম নয়, বরং ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মতো দুই কিংবদন্তির জন্য এটি হতে পারে বিশ্বমঞ্চে শেষ দেখার সুযোগ। সব মিলিয়ে ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।
কে জিতবে এই মহারণ?
শিরোপা জয়ের লক্ষ্যে খেললেও গ্রুপ পর্বে পর্তুগালের পারফরম্যান্স ছিল আশানুরূপ নয়। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করা দলটি নবীন দল উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে অনুজ্জ্বল ছিল। তবে রোনালদোকে ঘিরে তাদের শক্তিশালী আক্রমণভাগ ও মিডফিল্ড এখনও অন্যতম প্রধান শক্তির জায়গা। রোনালদো স্বরূপে ফিরলে যেকোনো মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।
অন্যদিকে, ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও পানামা ও ঘানাকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে। কোচ দালিচ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, দল এখন আট বছর আগের সেই ছন্দ ফিরে পেয়েছে। এ পর্যন্ত দুদলের ১০টি মুখোমুখি লড়াইয়ে পর্তুগাল সাতটি জয় পেলেও, আজকের নকআউট ম্যাচে ক্রোয়েশিয়া তাদের সেরাটা দিতে প্রস্তুত।
দুই দলের জন্যই এই ম্যাচটি প্রচণ্ড স্নায়ুচাপের। শেষ মিনিট পর্যন্ত দুদলই সর্বোচ্চ চেষ্টা করবে জয়ের জন্য। রোনালদো ও মদ্রিচের এই শেষ নাচের সাক্ষ্য হতে চলেছে টরন্টো স্টেডিয়াম। কার স্বপ্ন পূরণ হবে আর কার বিশ্বকাপ যাত্রা এখানেই থেমে যাবে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন