রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভেনেজুয়েলায় ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০২:৩৪ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মত্ত, তখন জীবনের কঠিন সময় পার করছেন ভেনেজুয়েলার ক্ষুদে ফুটবলভক্ত আন্দ্রেস মিয়েলেস। তবে এই দুঃসময়ে তার স্বপ্ন পূরণ করেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ২৪ জুন ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে আন্দ্রেস তার পুরো পরিবারকে হারান এবং নিজেও একটি পা হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বিপদের দিনে আন্দ্রেসের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ এই তারকা।প্রিয় ফুটবলারের একটি স্টিকার ছিল আন্দ্রেসের একমাত্র চাওয়া, যা সে বিশ্বকাপের অ্যালবামে সাজিয়ে রাখবে। শিশুটির এই ইচ্ছার কথা কোনোভাবে পৌঁছে যায় রোনালদোর কাছে। ইচ্ছে পূরণে রোনালদো শিশুটির কাছে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠান। ইতিমধ্যে আন্দ্রেসের হাতে স্টিকার ও রোনালদোর সই করা একটি জার্সি পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচা এই তথ্য নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় রোনালদো বলেন, হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি। জানি তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো, একসঙ্গে উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু।

পা হারানো ছোট্ট আন্দ্রেসের স্বপ্ন পূরণ করায় বিশ্বজুড়ে রোনালদোর মানবিকতার প্রশংসা হচ্ছে। মাঠে শ্রেষ্ঠত্বের পাশাপাশি মাঠের বাইরেও এমন মানবিক কর্মকাণ্ডে রোনালদো অনেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।