জুলাই ৮, ২০২৬, ১২:১৭ পিএম
আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। আগামী বৃহস্পতিবার হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ফিফা যে রেফারি প্যানেল ঘোষণা করেছে, সেখানে পাঁচজনই আর্জেন্টাইন কর্মকর্তা।
মঙ্গলবার রাতে ফিফা যখন এই তালিকা প্রকাশ করে, তখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে। গত ম্যাচে আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগের পর, এই নিয়োগকে কেন্দ্র করে সাধারণ ফুটবল সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি পরিচালনা করেছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার ফরাসি সহকারী দল। সেই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে ওঠে। তবে মিশরীয় পক্ষ দাবি করেছে, রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত সরাসরি তাদের বিপক্ষে গিয়েছিল, যার ফলস্বরূপ তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফিফার এই নতুন প্যানেল ঘোষণা বিতর্ককে উসকে দিয়েছে।
ফিফার ঘোষিত তালিকা অনুযায়ী, ফ্রান্স-মরক্কো ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো টেল্লো। তার দুই সহকারী হিসেবে থাকছেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শাদে। এছাড়াও, চতুর্থ কর্মকর্তা হিসেবে দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী হিসেবে ক্রিস্টিয়ান নাভারোকেও দায়িত্ব দেওয়া হয়েছে — তারাও আর্জেন্টিনার নাগরিক।
রেফারি নিয়োগের এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো, সে বিষয়ে ফিফা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটির দিকে এখন পুরো ফুটবল বিশ্বের নজর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন