জুলাই ৮, ২০২৬, ১২:৩০ পিএম
চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের শেষ ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করে কোয়ার্টারের টিকিট কাটে সুইসরা।
ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকে কলম্বিয়া কিছুটা প্রাধান্য দেখালেও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডও দান এনদোয়ে ও ফাবিয়ান রিডারের মাধ্যমে চাপ বাড়িয়েছিল, তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসও ছিলেন অদম্য।
টাইব্রেকারে সুইজারল্যান্ডের হয়ে প্রথম শটে গোল করেন গ্রানিত জাকা। কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগলে সুযোগ তৈরি হয় সুইসদের। জেকি আমদুনি গোল করে দলকে এগিয়ে দিলেও ম্যানুয়েল আকাঞ্জি নিজের শট বারের ওপর দিয়ে মারায় সমতায় ফেরে কলম্বিয়া। তবে লুইস দিয়াসদের আশা শেষ করে দেন সুইস গোলরক্ষক কোবেল, যিনি কুচো হার্নান্দেসের শট ঠেকিয়ে দেন। সবশেষে রুবেন ভার্গাস জয়সূচক পেনাল্টিটি মেরে ৪-৩ গোলের শুটআউট জয় নিশ্চিত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন