রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপের মঞ্চে মেসির নৈপুণ্যে মুগ্ধ তরুণ তারকা ইয়ামাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৭:১০ পিএম

বিশ্বকাপের মঞ্চে মেসির নৈপুণ্যে মুগ্ধ তরুণ তারকা ইয়ামাল

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও লিওনেল মেসির জাদু যেন এতটুকুও ফিকে হয়নি। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার এমন ধারাবাহিক নৈপুণ্যে বিস্মিত ও আনন্দিত স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন ইয়ামাল।

ইয়ামাল বলেন, অবিশ্বাস্য। মেসি কে, সেটা সবাই জানে। কিন্তু এই বয়সেও তিনি যেভাবে খেলছেন, হয়তো কেউই এমনটা আশা করেনি। এ কারণেই তাকে নিয়ে আমি সত্যিই আনন্দিত। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন মেসি। অনেকেই ভেবেছিলেন অর্জনের খাতায় হয়তো আর কিছু বাকি নেই, কিন্তু ২০২৬ বিশ্বকাপেও একই ক্ষুধা ও প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে খেলছেন তিনি।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪ গোলের মধ্যে ৮টিতেই সরাসরি অবদান রেখেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপের মতো এবারও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন তিনি। বিশ্বকাপে বিদায় নেওয়া নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন ইয়ামাল।

বার্সেলোনার এই ফরোয়ার্ড বলেন, নেইমার ও রোনালদোকে নিয়েও আমি আনন্দিত। যদিও তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, এখন যারা খেলছে, তাদের শৈশব রাঙানোর নায়ক ছিলেন তারাই। মেসি, রোনালদো ও নেইমারের মতো কিংবদন্তিদের প্রভাব যে নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যেও সমানভাবে কাজ করছে, ইয়ামালের মন্তব্যে সেটি আবারও স্পষ্ট হয়ে উঠেছে।