রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আনচেলত্তিকে বরখাস্তের দাবি জানালেন ব্রাজিল কিংবদন্তি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৮:৪৮ পিএম

আনচেলত্তিকে বরখাস্তের দাবি জানালেন ব্রাজিল কিংবদন্তি

ফুটবলের ইতিহাসে বিদেশি কোচের অধীনে কোনো দলের বিশ্বকাপ জয়ের নজির নেই। এখন পর্যন্ত সোনালি ট্রফি জেতা ৮টি দলই তাদের নিজেদের দেশের কোচের অধীনে সাফল্য পেয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বরাবরই নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে। তবে এবার সেই পথে হাঁটতে গিয়ে ব্যর্থতার কবলে পড়েছে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির অধীনে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রাখলেও, কোয়ার্টার ফাইনাল তো দূরের কথা, শেষ ষোলোতেই থেমে গেছে ব্রাজিলের যাত্রা।

ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ আনচেলত্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটি এখন প্রশ্নবিদ্ধ।নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তার এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা সরাসরি আনচেলত্তিকে কোচের পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। রোমারিও স্পষ্টভাবেই বলেছেন, তার হাতে ক্ষমতা থাকলে তিনি তাৎক্ষণিকভাবে আনচেলত্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতেন।

আনচেলত্তির সমালোচনা করে রোমারিও বলেন, নরওয়ের বিপক্ষে দলটি যে লজ্জাজনক ও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, এরপর কোনোভাবেই তাকে ব্রাজিলের কোচ হিসেবে রাখা যায় না। তিনি ক্ষোভের সঙ্গেই জানিয়েছেন, তিনি হলে চুক্তিপত্র ছিঁড়ে টুকরো টুকরো করতেন এবং আনচেলত্তিকে বলতেন আইনগত ব্যবস্থা নিতে।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে কার্লো আনচেলত্তির। তবে রোমারিওর এই মন্তব্যের পর কোচের পদ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা এখন সময়ের দাবি। বিশ্বকাপে সেলেসাওদের এমন পারফরম্যান্সের পর সমর্থক ও সাবেক তারকাদের ক্ষোভ ক্রমেই বাড়ছে।