জুলাই ১২, ২০২৬, ১০:০২ এএম
মায়ামির মায়াবী রাতে ইংল্যান্ডকে সেমিফাইনালে পৌঁছে দিলেন জুড বেলিংহ্যাম। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করল থ্রি লায়ন্সরা। অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।মায়ামির প্রচণ্ড গরম ও আর্দ্রতার প্রভাব ছিল ম্যাচের শুরু থেকেই। দুই দলের খেলোয়াড়দের মধ্যেই ছিল ক্লান্তির ছাপ, যার ফলে খেলার গতি ছিল কিছুটা ধীর। প্রথম বিশ মিনিট নরওয়ে রক্ষণভাগ আঁটসাঁট রাখলে ইংল্যান্ড কোনো সুযোগ তৈরি করতে পারেনি। সাইডলাইনে টমাস টুখেল বারবার খেলোয়াড়দের দ্রুত বল চালানোর নির্দেশ দিচ্ছিলেন।
৩৬তম মিনিটে প্রথম গোল পায় নরওয়ে। ডান দিক দিয়ে আক্রমণে উঠে আন্দ্রেয়াস শেলডেরুপ অসাধারণ এক বাঁকানো শটে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। প্রথমার্ধের ইনজুরি টাইমে বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধের চিত্র ছিল প্রায় একই। নরওয়ে কিছুটা গুছিয়ে খেললেও ইংল্যান্ডের রক্ষণভাগ ছিল সতর্ক। এই সময়ে দুটি গোল বাতিল হয় এবং নরওয়ের একটি নিশ্চিত সুযোগ ক্রসবারে লেগে ফিরে আসে। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়।
অতিরিক্ত সময়ের শুরুতে পেনাল্টির আবেদন করে ইংল্যান্ড, কিন্তু ভিএআর পর্যালোচনার পর তা নাকচ করে দেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি নরওয়ের। ম্যাচের ১১৪তম মিনিটে মরগান রজার্সের জোরালো শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বল থেকে ফাঁকা জালে বল ঠেলে দেন বেলিংহ্যাম। এটি বিশ্বকাপে তার ষষ্ঠ গোল।এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। ম্যাচে নরওয়ের আর্লিং হালান্ড ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন